চিকিত্সকসহ ১৪৩ নিয়োগের বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট

স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রকল্পে চিকিত্সকসহ বিভিন্ন পদে ১৪৩ জন নিয়োগের লক্ষ্যে জারিকৃত বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। একই সঙ্গে ঐ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদনের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সাত জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৮ আগস্ট প্রকাশিত ঐ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় না থাকায় ঐ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. মোহাম্মদ ইউনুছ হাইকোর্টে রিট করেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। তিনি বলেন, হাইকোর্ট তিন মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে।