কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জনবল অনুমোদন না পাওয়ায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণসহ প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বর্ধিত ভবন নির্মিত হলেও প্রয়োজনীয় জনবলের অনুমোদন এখনো পাওয়া যায়নি। ফলে ডাক্তার-কর্মচারী সংকটের অভাবে চিকিত্সাসেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। তাছাড়া তিনটি অপারেশন থিয়েটার প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ সজ্জিত করা হয়। কিন্তু জনবল অনুমোদন না হওয়ায় হাসপাতালে অপারেশনসহ অন্য সেবা প্রদান সম্ভব হচ্ছে না এবং যন্ত্রপাতিগুলো ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালটিতে নতুন এক্সরে মেশিন সরবরাহ করা হলেও এক্সরে টেকনিশিয়ান পদ শূন্য থাকায় রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও ফার্মাসিস্ট, এমটি ল্যাব, মেডিসিন, সার্জারি, অ্যানেসথেসিয়া, সহকারী ডেন্টালসার্জন, কনসালটেন্ট পদসহ বেশ কয়েকটি কর্মচারীর পদ শূন্য রয়েছে। হাসপাতালটিতে আলট্রাসনোগ্রাম, বায়োক্যামিস্ট এনালাইজার ও সেল কাউন্টার মেশিন না থাকায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব না হওয়ায় রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম হুমায়ুন কবির জানান, হাসপাতালে স্বাভাবিক প্রসবের জন্য চার জন মিডওয়াইফ সার্বক্ষণিক নিয়োজিত আছেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাভাবিক প্রসব করানো হয় এবং এর জন্য প্রয়োজনীয় সব ওষুধপত্র হাসপাতাল থেকে সরবরাহ করা হয়। রোগীদের জরায়ু ক্যান্সার নির্ণয়ের জন্য VIA পরীক্ষা বিনামূল্যে এখানে করানো হয়। হাসপাতালের জনবল ও যন্ত্রপাতির স্বল্পতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করানো হয়েছে। কর্তৃপক্ষ এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের বিষয়ে আশ্বস্ত করেছেন।