স্থগিতের পাঁচ মাস পরও নির্বাচনের খবর নেই

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

তিতাস উপজেলা পরিষদ নির্বাচন

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

ভোটকেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে চলতি বছরের ৩১ মার্চ ভোটের দিন বেলা ৩টার দিকে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। গত পাঁচ মাস পার হলেও এখনো উক্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে কুমিল্লার মেয়াদোত্তীর্ণ ১৬টির মধ্যে ১৫টি উপজেলায় নির্বাচন হলেও তিতাসের নির্বাচন নিয়ে এখনো কোনো খবর নেই।

বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী পারভেজ হোসেন সরকার বলেন, আমি এই উপজেলার সাবেক চেয়ারম্যান। সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যাচ্ছি। নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

আওয়ামী লীগের বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীর বাবা বলরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন ওরফে নিজাম শিকদার বলেন, আমার ছেলে রাজনীতির প্রতিহিংসার শিকার। তাকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। তাকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। আমরা সব বিষয়ে আইনগতভাবে মোকাবিলা করছি। 

কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন কমিশন সচিবালয় আমাদের যে নির্দেশনা দেবে, আমরা সেই মোতাবেক কাজ করব। এখন পর্যন্ত এই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা আসেনি। নির্বাচনী প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে।

 

০