বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে বিজিবির সহযোগিতায় সীমান্তবর্তী অঞ্চল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অঞ্চলের ৩৮-৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী তুইঙ্গা পাড়া এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বিজিবির সহায়তায় কাঁটাতারের বেড়ার পার্শ্ববর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি দু’একদিন আগে ঘটেছে বলে মনে হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিটি মিয়ানমারের কোনো রোহিঙ্গা নাগরিক। সীমান্ত অঞ্চলে গেলে মিয়ানমারের পুতে রাখা মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়।
