নরসিংদী পৌর এলাকার বানিয়াছল মহল্লায় বিষ্ণু চন্দ্র রায় নামে এক স্বামী তাঁর ঘুমন্ত স্ত্রীর ডান হাত ছুরি দিয়ে কেটে বিচ্ছিন্ন করে ফেলেছেন। মঙ্গলবার গভীর রাতে এ নির্মম ঘটনাটি ঘটে। আহত স্ত্রী দীপা রানী সূত্রধরকে (২৯) রাতেই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাহিদা মতো অর্থ না পেয়ে বিষ্ণু এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে দীপার পরিবার।
ঘটনার পর রাতেই পুলিশ গিয়ে তদন্ত করে আসার পর দীপার ভাই ও আত্মীয়-স্বজনরা বিষ্ণু চন্দ্র রায়কে আটক করে নরসিংদী সদর মডেল থানায় সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই গতকাল বুধবার বাদী হয়ে মামলা করেছেন।
দীপার মা জানান, দীপার স্বামী এর আগে একাধিক বিয়ে করেছে। বিয়ের পর থেকেই চাকরিজীবী স্ত্রীর কাছ থেকে প্রায়ই টাকা নিত। স্বামীর অত্যাচারে দীপা বাবার বাড়ি থেকে ইতিমধ্যেই প্রায় ৩ লাখ টাকা এনে দেয়। কিন্তু এতেও সন্তুষ্ট না হয়ে আরো টাকার জন্য দীপাকে চাপ দিতে থাকে স্বামী। আরো টাকা দিতে দীপা অস্বীকৃতি জানালে মঙ্গলবার রাতে বিষ্ণু এ ঘটনা ঘটায়। দীপার মা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি সৈয়দ উজ জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক স্বামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
