আফগানদের বিপক্ষে মর্যাদার লড়াই

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১০

প্রায় ঘণ্টা দেড়েক নেটে ব্যাটিং করে খানিক সময় কিপিং অনুশীলন করলেন মুশফিকুর রহিম। ঘাম মুছে আবার ব্যাটিং করতে ঢুকলেন নেটে। মূল নেটে ব্যাটিং শেষ করে মাঠের আরেক পাশে আরো একটু সময় ব্যাটিং করছিলেন মুমিনুল হক। মোহাম্মদ মিঠুনও লম্বা সময় ব্যাট করে তৃপ্ত হলেন না। আরেক প্রান্তে গেলেন আরো একটু নিজেকে ঝালিয়ে নিতে।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের খেলোয়াড়দের দেখে মনে হলো, তারা একটা বিশাল চ্যালেঞ্জের সামনে পড়েছেন। হ্যাঁ, চ্যালেঞ্জটা বিশালই বটে। কারণ, আজ থেকে এখানে আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে মর্যাদার লড়াই।

র্যাংকিং, অভিজ্ঞতা, তারকাদ্যুতি; কোনো কিছুতেই আফগানিস্তান বাংলাদেশের আশপাশে নেই। তার পরও টেস্ট ক্রিকেটের নবীন এই দলটির বিপক্ষে খেলা         বাংলাদেশের জন্য একটা পরীক্ষা। কারণ, এই দলটার বিপক্ষে জিতলে তত বেশি করতালি জুটবে না। কিন্তু হেরে গেলে নিন্দার ঝড় বয়ে যাবে। সেই ঝড় থামাতে হলে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্টে জয় চাই বাংলাদেশের। অধিনায়ক সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে পরিষ্কার বলে গেলেন, জয় পেতে যা দরকার, তাই করবেন তারা।

বাংলাদেশ ও আফগানিস্তান লড়াইটা স্পিনারদের লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ অনেক দিন ধরেই ঘরের মাটিতে স্পিনারদের ওপর ভরসা করে লড়াই করছে। সর্বশেষ ঘরের মাটিতে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্টে ৪০ উইকেটই নিয়েছিলেন স্পিনাররা। সেই দুই টেস্টেই বাংলাদেশের একাদশে ছিলেন চার স্পিনার। আজ থেকে শুরু হতে যাওয়া টেস্টেও চার জন স্পিনার থাকার কথা।

স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও তরুণ নাঈম হাসানের থাকার কথা। আফগানদের একাদশও হবে স্পিন-নির্ভর। তাদেরও প্রধান স্পিনার অধিনায়ক রশিদ খান। তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ স্পিনার মোহাম্মদ নবী এবং চায়নাম্যান বোলার জহির খান। চতুর্থ স্পিনার খেলালে কায়েস আহমেদেরও ডাক পড়তে পারে।  

চট্টগ্রামের উইকেট সাধারণত স্পিনারদের জন্য ভালো হয়। এবারও সেটা না হওয়ার বিশেষ কোনো কারণ নেই। প্রথম দিন থেকেই বল নিচু হতে শুরু করলে খেলা তিন-চার দিনের ওপাশে যাওয়া কঠিন।

বাংলাদেশের দলে নেই ওপেনার তামিম ইকবাল। তিনি ছুটিতে আছেন। তার বদলে সাদমান ইসলামের সঙ্গে ইনিংস শুরু করার কথা সৌম্য সরকারের। এ ছাড়া দলে একমাত্র ফাস্ট বোলার হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে আবু জায়েদ রাহির।