আর্থিক অনটন দমাতে পারেনি বুয়েটে চান্স পাওয়া তুহিনকে

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৯:২০

প্রচণ্ড অভাবের সংসারে পড়াশোনা করে কোচিং ছাড়াই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চান্স পেয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার ছেলে তুহিন মাহমুদ। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে পারছিলেন না তিনি। ফেসবুক ও বেশকিছু অনলাইন গণমাধ্যমে বিষয়টি প্রচার হওয়ায় তা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নজরে আসে। পরে তিনি তুহিনের পড়াশোনার দায়িত্ব নেন। বাঘা উপজেলার মানিক গ্রামের ছেলে তুহিনের বাবা মানসিক প্রতিবন্ধী। তুহিনের সহযোগিতায় মা-ই সংসার চালিয়েছেন। অভাব থাকলেও তুহিন কখনো দমে যাননি, বরং এরইমাঝে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পেয়েছেন জিপিএ-৫। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও পেলেন অভাবনীয় সফলতা। শুধু বুয়েটেই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও মেধাতালিকায় স্থান পেয়েছেন তুহিন। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা বলেন, ‘পরিবারের অভাব-অনটনকে পিছনে ফেলে তুহিন পড়াশোনা চালিয়ে গেছেন। এই মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার ব্যাপারে জেলা প্রশাসকও সবসময় আন্তরিক ছিলেন।’ বুয়েটে চান্সপ্রাপ্তির পর অর্থের অভাবে ভর্তি না হতে পারার খবর জানার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী এগিয়ে এসেছেন। স্থানীয় সংসদ সদস্যও সাহায্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তুহিনের মা লতিফা বেগম বলেন, ‘তুহিনরা তিন ভাইবোন। মেয়ে বড়। তারপর দুই ভাই। তুহিন সবসময় পড়াশোনার ব্যাপারে প্রচণ্ড পরিশ্রমী। প্রাইভেট পড়া বা কোচিং করার সময় পায়নি কখনো। তবুও ভালো ফলাফল করেছেন।’ মন্ত্রীর সহযোগিতা পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আমি সবসময় মন্ত্রী সাহেবের জন্য দোয়া করব। তিনি আমার ছেলের দায়িত্ব নিয়েছেন।’