গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও তিন সাঁওতাল হত্যা মামলায় আদালতে পিবিআইর দাখিল করা অভিযোগপত্রের (চার্জশিট) বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করা হয়েছে। গতকাল বুধবার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পার্থ ভদ্র পিটিশনটি আমলে নিয়ে আগামী ৪ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। মামলার বাদী থমাস হেমব্রনের পক্ষে আদালতে নারাজি পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার জেড আই খাঁন পান্না। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুসহ স্থানীয় আরো কয়েকজন আইনজীবী।
পরে ব্যারিস্টার জেড আই খাঁন পান্না সাংবাদিকদের বলেন, নারাজি পিটিশনে পিবিআইর দাখিল করা চার্জশিটে মনগড়া, পক্ষপাতমূলক, কথিত এবং সর্বোপরি ঘটনাকে আড়ালের কথা উল্লেখ করা হয়েছে। যথেষ্ট সাক্ষ্য, প্রমাণ, তথ্য-উপাত্ত এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও এজাহার নামীয় মূল আসামিসহ জড়িত কয়েকজন পুলিশ কর্মকর্তা ও মিলের কর্মকর্তা-শ্রমিক নেতাদের নাম এই চার্জশিটে বাদ রেখে তাদেরকে রক্ষার চেষ্টা করা হয়েছে। পরে স্থানীয় শহীদ মিনার চত্বরে সাঁওতাল জনগোষ্ঠীর এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
