ঘুমধুম সীমান্তে পতাকা বৈঠক, বিজিপির আটক চার সদস্যকে হস্তান্তর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৬

কক্সবাজারের টেকনাফের মিয়ানমার সীমান্তে অস্ত্রসহ আটক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপির) চার সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বাংলাদেশ। বুধবার বেলা ১টার দিকে সীমান্তের ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের মিয়ানমারের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বেলা দেড়টার দিকে ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রীসেতু পয়েন্ট দিয়ে বিজিপির এসব সদস্যকে হস্তান্তর করা হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। হস্তান্তর করা বিজিপির সদস্যরা হলো— মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর নাগকুড়া ব্যাটালিয়নের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো ম্যায়েং, সার্জেন্ট ইয়ানাং তুন, সার্জেন্ট প্যায়াং গি ও সিপাহী ক্য ক্য।