নোবিপ্রবির ছাত্রাবাসে ৩৮৫ সিটের মধ্যে ৩৬৫টি অবৈধ দখলে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একমাত্র ছাত্রাবাস ভাষা শহীদ আবদুস সালাম হলের ৩৮৫ সিটের মধ্যে ৩৬৫টি অবৈধ দখলে রয়েছে। জানা যায়, হলে ৮৪টি কক্ষে ৩৮৫টি সিট রয়েছে। তার মধ্যে ৬৬টি সিট বৈধভাবে শিক্ষার্থীদের মাঝে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৪৬ জন শিক্ষার্থী পাশ করে গেছেন এবং ২০ জন ছাত্র বৈধভাবে অবস্থান করছেন। কিন্তু ৩৮৫টি সিটের মধ্যে বৈধ ২০ জন ছাড়া অপর ৩৬৫ জন গত পাঁচ বছর ধরে অবৈধভাবে হল দখল করে আছেন। এসব দখলদাররা ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক। এবং চার সিটের দুইটি কক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রভাবশালী দুই নেতা দখল করে থাকছেন। অথচ বিভিন্ন জেলা থেকে আসা মেধাবী ছাত্ররা হলে সিট বরাদ্দ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের আশপাশসহ জেলা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।