ভারতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত অন্তত ২৩

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৫

ভারতের পাঞ্জাবের গুরদাসপুরে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। ভেতরে আটকে আছেন বহু মানুষ। পুলিশ জানিয়েছে, গুরদাসপুরের বাটালা অঞ্চলের ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই কারখানা। বিস্ফোরণে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে স্থানীয় সময় গতকাল বিকেল ৪ টায়। বিস্ফোরণের ধাক্কায় কারখানার পাশাপাশি আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি গাড়ির ওয়ার্কশপ আছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবেই এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েক বছর বাজির কারখানাটি চলছিল। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মতিথি উদযাপন উপলক্ষে গতকাল ‘নগর কীর্তন বের হওয়ার কথা ছিল। এজন্য বাজি তৈরি করে মজুত করা হচ্ছিল সেখানে। -এনডিটিভি