এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে দেশের চারটি মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের প্রতিটিকে চার লেনে উন্নীত করার পাশাপাশি এসব মহাসড়কে ধীরগতির যানবাহনের জন্যও থাকবে আলাদা লেন।
গতকাল বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত্কালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধে এডিবি এ সব জাতীয় মহাসড়ক উন্নয়নে অর্থায়ন করতে যাচ্ছে। মনমোহন জানান, এরইমধ্যে ফরিদপুর-বরিশাল এবং রংপুর-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।
উল্লেখ্য, এডিবির অর্থায়নে সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা এবং হাটিকমরুল হতে রংপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ ছাড়াও কক্সবাজার-উখিয়া-টেকনাফ সড়ক প্রশ্বস্তকরণ কাজ এগিয়ে চলেছে। ওবায়দুল কাদের দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য এডিবির কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ জানান।
