প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, নারী উন্নয়নে ও নারীর অধিকার আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে জন্যই লেখাপড়া খেলাধুলা থেকে শুরু করে সর্বত্রই আজ সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। গতকাল বুধবার ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন এলজিএসপি প্রজেক্ট-৩ অর্থায়নে উপজেলার ১৪টি ইউনিয়নের ৮০ জন ছাত্রীকে বাইসাইকেল, ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে প্রজেক্টর, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৪০ হাজার টাকা করে ১৩ বেকার যুবক ও মহিলার মধ্যে ঋণের চেক প্রদান করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমুখ। এর আগে দুপুরে প্রধান অতিথি পিকেবি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪র্থ তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠান শেষে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলার উদ্বোধন করেন। একই দিনে সন্ধ্যায় উপজেলার খানেপুর আলালপুর ও শৈল্যা গ্রাম আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
