আদালতের উচিত ছিল ব্যারিস্টার মইনুলকে জামিন দেওয়া —অ্যাডভোকেট জয়নুল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:২১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, জামিনযোগ্য মামলায় জামিন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানো দুঃখজনক। ফরমায়েশি আদেশের কারণেই এটা করা হয়েছে। তিনি বলেন, ব্যারিস্টার মইনুল সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। আদালতের উচিত ছিল তাকে জামিন দেওয়া। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় জয়নুল আবেদীন এসব কথা বলেন।

সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোয় প্রধান বিচারপতির উচিত সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া।

সভায় অর্ধশতাধিক আইনজীবী অংশ নেন। সভায় আরো বক্তব্য রাখেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আবেদ রাজা, ড. এম এম ওয়াছেল উদ্দিন বাবু, সুপ্রিম কোর্ট বারের সহসম্পাদক শরীফ ইউ আহমেদ, আনিছুর রহমান খান, মির্জা আল মাহমুদ প্রমুখ।