জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গতকাল বুধবার সারাদেশে ডিসি ও ইউএনওদের কাছে সুশাসনের দাবিতে স্মারকলিপি দিয়েছে। জাসদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলের জেলা ও উপজেলা কমিটিসমূহ স্ব স্ব জেলা ও উপজেলায় ডিসি ও ইউএনওদের কাছে স্মারকলিপি দেয়। স্মারকলিপি দেওয়ার আগে ডিসি ও ইউএনও কার্যালয় চত্বরে জাসদের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করে।
স্মারকলিপিতে জাসদের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের উদ্যোগ, প্রশাসনের ভূমিকা ও জনগণের সমর্থনে জঙ্গিবাদ-সন্ত্রাস-সহিংসতা-অন্তর্ঘাত-নাশকতা-আগুনসন্ত্রাস-অশান্তির রাজনীতি কোণঠাসা হয়েছে। দেশ শান্তি-স্থিতিশীলতা-উন্নয়ন-উত্পাদনের পথে এগিয়ে চলেছে। দেশের সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে। কিন্তু দুর্নীতি, লুটপাট, দলবাজি, ক্ষমতাবাজি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকের দাপটসহ সামাজিক অনাচার-অবিচার আশঙ্কাজনকভাবে বেড়েছে।
