রহস্যে ভরা এক মহাবিশ্বে আমাদের বসবাস। যেদিকে তাকাই অনেক বিস্ময়কর জিনিস আমাদের চোখে পড়ে। আবার এমন অনেক কিছু আছে যা আমরা কখনো আগে জানতে পারিনি। কচি-কাঁচার আসরের পক্ষ থেকে নিয়মিত আয়োজনে তেমনই সব মজার এবং বিস্ময়কর তথ্য নিয়ে আমরা হাজির হব। আমাদের এবারের বিষয় প্রজাপতি। বাহারি রঙের ডানার কারণে প্রজাপতি সবারই খুব প্রিয়। চলো জেনে নিই প্রজাপতি বিষয়ে কিছু দারুণ তথ্য। গ্রন্থনা করেছেন—জাজাফী
প্রজাপতি পা দিয়ে স্বাদ গ্রহণ করে। এরা শুনতে পায় না, তবে কম্পন অনুভব করতে পারে। অ্যান্টেনা বা শুঁড়ের সাহায্যে এরা গন্ধ নেয়। এখন পর্যন্ত পৃথিবীতে ১৭,৫০০ প্রজাতির প্রজাপতির খোঁজ পাওয়া গেছে—যার মধ্যে অন্তত ৭৫০ ধরনের প্রজাপতি আছে শুধু আমেরিকাতেই। জন্মের সময় প্রজাপতির কোনো ডানা থাকে না। তখন আমরা তাকে শুয়োপোকা বলে জানি। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডানা গজায়। সব থেকে বড় প্রজাপতি পাওয়া গিয়েছিল আমেরিকাতে। সেটা ছিল ৭ ইঞ্চি! প্রজাপতি খুবই কম দিন বাঁচে। এদের গড় আয়ু চার থেকে আট মাস। প্রজাপতি তরল খাদ্য গ্রহণ করে। তবে ওদের প্রধান খাদ্য ফুলের মধু। শীত থেকে বাঁচার জন্য কিছু কিছু প্রজাপতি কখনো কখনো ৪ হাজার কিলোমিটার পাড়ি দেয়। প্রজাপতির পাখা স্বচ্ছ কাচের মতো। একপাশ থেকে অন্যপাশ দেখা যায়। প্রজাপতির শরীরের তাপমাত্রা কম থাকার কারণে এরা শীতের সময় উড়তে পারে না। প্রজাপতির ডানায় একধরনের পদার্থ থাকে, যা হাত দিয়ে ছোঁয়ার কারণে মুছে যায় এবং তখন ওরা উড়তে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতির খামার আছে যেখানে অনেক প্রজাতির প্রজাপতি চাষ করা হয়।
