বনানীর মোড় থেকে ট্রাকবাবা ছেড়ে যায়
ফুলে ফুলে আঁকা বডি ট্রাক যাবে আরিচায়।
ডিজেল সে খেয়ে তাই একেবারে ভরপেট
ড্রাইভার হেলপার খেল ডিম মামলেট।
হেলেদুলে ভস্ ভস্ ট্রাক চলে আরিচায়
সোজা পথ ছাড়া ট্রাক চলে না তো ডানে বাঁয়।
‘আবে ওই সাইড দে, সিএনজি বামে চাপ
রিকশা ও পথচারী কারো কোনো নেই মাফ।
ট্রাক মানে ওরে বাবা! ট্রাক মানে রোড কিং
ঢুসঢাস গুঁতো মারে যদিওবা নেই শিং।
পথে যেতে ট্রাক বলে, ওস্তাদ জ্বলে পেট
ডিজেল তো হাওয়া সব হোটেলেতে কত রেট?
রেটফেট বাদ থাক আগে চলো ঢুকে যাই
এই বলে ড্রাইভার ট্রাক নিয়ে পথে নাই।
গেল কই? গেল কই? সোজা হোটেলেতে যায়
সেইখানে গিয়ে ট্রাক ভাত রুটি মাছ খায়।
খাওয়া যেন খাওয়া নয় সবকিছু তছনছ
হোটেলটা চুরমার কত কিছু হলো লস।
হোটেলের মালিক তো মূর্চ্ছায় গেল তাই,
ট্রাক বলে, ‘ডোন্ট মাইন্ড আসি তবে গুড বাই।’
যেতে যেতে ট্রাকবাবা উল্টালো দুই চোখ
কাউকে সে চিনে নাকো গরু-ভেড়া কিবা লোক।
আরিচায় যেতে যেতে ট্রাকটার ঘুম পায়
পথে এক বাড়ি দেখে গেল সোজা বিছানায়।
