পাখিগুলো বলতো কথা আমার সাথে যদি
ঝরনা থেকে ধারা নিয়ে হতাম ছোট নদী
আঁকাবাঁকা নদীর বাঁকে জাগতো কাশের চর
কাশের চরে পাখির সাথে বাঁধবো ঘাসের ঘর।
ডিঙি নৌকার তালে তালে গান ধরেছে মাঝি
ও ভাই আমি সঙ্গে যাবো, যেথায় নেবে, রাজি...
রাজার দেশে নাও গো যদি হবো অনেক খুশি
দুঃখ সবার ঘুচিয়ে দেবার স্বপ্ন বুকে পুষি।
রাজার উজির হয়ে আমি বলবো, মহারাজা...
পাখির ছানা মারলে তবে হবে কঠিন সাজা
প্রাণীর প্রাণে চোখ বসাবে যেই না কোনো লোক
আপনি রাজা, ন্যায্য বিচার আপন হাতে হোক।
