দিন পাল্টে যায়—মরুমুখী বাঁক নেয় সহজিয়া নদী
লাল দুঃখ গোপন করে উত্সবে মাতে মেহেদির সবুজ কারসাজি
খাঁচাবদ্ধ চিড়িয়াখানার পশুরাই আজ প্রকৃত মানুষ
আমি মানুষ না—অথচ আমার আছে পাথরের জীবনগ্রন্থ
আর আছে এক বাক্স লৌহ কঙ্কালের অনুভূতি
অন্ধকারে জেব্রাক্রসিং-দিন খুঁজে খুঁজে আমি রাতের বয়ফ্রেন্ড
আমার গুচ্ছগ্রাম প্রেমিকারা করপোরেট কর্তৃক ধর্ষিত সুবর্ণচর
খুন এদেশের বারোমাসি ফল আর বিচার গলায় ফুটে থাকা
দীর্ঘমেয়াদি কাঁটা, জন্মরক্তে তবুও আমি লাল পতাকার
বাংলাদেশ... মুক্তিযুদ্ধ...
