স্বপ্ন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২

স্বপ্ন তুমি মেঘ হয়ে ভেসো না

আমার আকাশে

আমি তৃষ্ণার্ত বহুকাল।

স্বপ্ন তুমি মনে করিয়ে দিও না

আমি কখনো বহিরাগত ছিলাম

তোমার নীলিমায় যে থাকত অপেক্ষারত।

স্বপ্ন তুমি ভুল করে রাত্রি হইও না কোনোদিন

আমি জোনাকি হব বলে

অন্ধকার সাজাই।

স্বপ্ন তুমি অদম্য যৌবনের তীব্রতায়

কাউকে ডাক দিও না কোনো নাম ধরে

আমি যে মধ্যবয়সী এক পথচারী।

স্বপ্ন তুমি উজাড় করে দিও না দিগন্তে

তোমার সবটুকু দিয়ে—

আমি বড্ড কাঙাল

তোমার আকাশে বিহঙ্গ হব বলে।

স্বপ্ন তুমি আর প্রতিশ্রুতি দিও না

স্বপ্ন দেখাবে বলে—

আমি মৃত্তিকার মতো নির্বাক

খুঁজে বেড়াই কি যেন এক নিশাচর

উদ্দেশ্যহীন।