ফুল

ভাদ্র মাসের ফুল ভাদ্রা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২

ভাদ্র মাসে অধিক পরিমাণে ফুল ফোটে, তাই নাম হয়েছে ভাদ্রা। তবে গ্রীষ্ম ঋতু থেকে ফোটা শুরু হয়ে শরত্ জুড়ে ফুটতে দেখা যায়। দ্রুত র্বধনশীল চিরসবুজ গুল্ম ও কাঁটাযুক্ত কাষ্ঠল লতা জাতীয় উদ্ভিদ। গাছ কোনো কিছু ভর করে বেড়ে ওঠে বা বেড়ে ওঠার জন্য বাউনির ব্যবস্থা করে দিতে হয়। পরিবার Verbenaceae, উদ্ভিদতাত্ত্বিক নাম Gmelina hystrix। এটি ভারতীয় প্রজাতি। আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া।

ঝোপজাতীয় এ ফুলগাছ বাগানবিলাসের মতোই লতানো ও কাঁটাযুক্ত। গাছের পাতা রঙে সবুজ, চার থেকে সাত সেন্টিমিটার লম্বা এবং ৩ দশমিক ৪ সেন্টিমিটার চওড়া। পাতার বোঁটা লম্বায় দুই থেকে তিন সেন্টিমিটার। ফুল শাখা-প্রশাখার অগ্রভাগে ঝুলন্ত মঞ্জরিতে ফোটে। ফুল ফুটন্ত ভাদ্রা গাছের সৌন্দর্য নয়নাভিরাম। মঞ্জরিপত্র গোলাকার, ধূসর সবুজ থেকে বাদামি বা তামাটে লাল রঙের মোড়ক থেকে বের হয় ফুল। মঞ্জরি লম্বায় ১০ থেকে ১৫ সেন্টিমিটার হয়ে থাকে। ফুল রঙে হলুদ, ফানেলাকার, মুখ প্রায় চার সেন্টিমিটার চওড়া ও অসমান। ফুল শেষে গাছে ফল ধরে। ফল আকৃতিতে গোলাকার যা দেখতে কুলের মতো। আমাদের দেশে এই ফুল কমই চোখে পড়ে। তাই একে দুর্লভ ফুল বলা যায়।

ঢাকার বলধা গার্ডেন, রমনা পার্ক ও বোটানিক্যাল গার্ডেনে এই ফুলের গাছ দেখা যায়। ফুলের এ ছবিটি ক্যামেরাবন্দি করি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হালুয়াপাড়া গ্রামের বৃক্ষপ্রেমিক ও কবিরাজ আলী আহমদ চান্দু মিয়ার বাড়ি থেকে। তিনি বহু বছর আগে শখের বশে কলকাতার শিবপুর বোটানিক্যাল গার্ডেন থেকে এর চারা এনে রোপণ করেছিলেন।

বীজ থেকে তৈরি করা চারা ও ডাল কাটিং পদ্ধতির মাধ্যমে এর বংশ বিস্তার করা যায়। রৌদ্রোজ্জ্বল, উঁচু ভূমি ভাদ্রার জন্য উপযোগী।

ভাদ্রার রয়েছে ভেষজ গুণ। ফলের নির্যাস চর্মরোগে কাজ করে।