এই সময়ের ছড়া

নয় তা চাওয়া

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৫

হচ্ছেটা কী বলতে পার?

দেশ আমাদের সবার জানি

নয়তো এটা একার কারো।

 

ঋণখেলাপি পার পেয়ে যায়,

পার পেয়ে যায় ভেজালদাতা,

দায়-দায়িত্ব নেই কি কারো?

নষ্ট সময় বিশ্রী যা-তা।

 

লুপ্ত আগে বাইশ পরিবার,

এখন এদের সংখ্যা কত?

সংখ্যা তাদের অগুনতি যে

বাড়ছে আরো ক্রমাগত!

 

দেখছি কত মায়া-কান্না

অশ্রু ঝরে কুমির চোখে

দুর্দশা তাই দ্রুত গতি

সাধ্য যে তার কেই বা রোখে।

 

যখন তখন যথাতথা

গণতন্ত্রের কত কথা

গর্বে ফুলত বুকের ছাতি।

যখন শুনি ভোট ডাকাতি,

তখন কী হয় বলতে পার?

নিজের কাছেই নিজে হারো।

 

এসব কারো কাম্য তো নয়,

নয় তা স্বাধীন দেশের চাওয়া

সবার প্রতি সদয় হলে

মনের মতো দেশটি যেত পাওয়া।