তারপরও প্রতিদ্বন্দ্বিতার আশায় উইন্ডিজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

দেশে, দেশের বাইরে গত চার বছরে কোনো ওয়ানডে সিরিজ জিতেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ক্যারিবিয়ানরা ২০১৪ সালে। ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ তে হারিয়েছিল তারা। তারপর আর কোনো সিরিজ জয়ের স্বাদ পায়নি দলটি। চলতি বছরে দুটি ওয়ানডে সিরিজ খেলেছে উইন্ডিজরা। দেশের মাটিতে বাংলাদেশের কাছে ২-১ হেরেছে। পরে ভারতের কাছেও হেরেছিল ৩-১ এ।

২০১৮ সালে ১৫ ওয়ানডেতে সাতটি জয় ওয়েস্ট ইন্ডিজের। যার পাঁচটিই বিশ্বকাপের বাছাই পর্বে। এমন জীর্ণ পরিসংখ্যান নিয়েই বাংলাদেশের বিপক্ষে আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে উইন্ডিজরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুর ১টায় শুরু হবে দিবারাত্রির প্রথম ওয়ানডে।

দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক জ্যাসন হোল্ডারও। ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে যার অভিষেক দুই বছর আগে। ক্রিস গেইল, এভিন লুইস, সুনীল নারিন, কাইরেন পোলার্ডরাও দলের বাইরে। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য বিশ্বের সেরা দলগুলোর কাতারে। আর ঘরের মাঠে টাইগাররা কতটা অপ্রতিরোধ্য, তা শীর্ষ দলগুলোরও জানা।

ওয়ানডে র্যাংকিংয়েও বাংলাদেশের (৭) চেয়ে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ (৯)। তারপরও আজ শুরু হতে চলা তিন ম্যাচের সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই রায় দিলেন রোভম্যান পাওয়েল। গতকাল মিরপুর স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিজে দুই দলকেই সমান মনে হচ্ছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে জানিয়ে রোভম্যান পাওয়েল গতকাল বলেছেন, ‘এটাকে খুবই সমান-সমান মনে হচ্ছে। উভয় দলে ভালো স্পিনার, ফাস্ট বোলার ও ব্যাটসম্যান আছে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। প্রতিটি খেলায় তারাই জিতবে যারা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় ভালো করবে।’

দীর্ঘদিন ওয়ানডে সিরিজ না জিতলেও বাংলাদেশে ভালো কিছু করতে মুখিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ বছর বয়সী ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ওয়ানডে সিরিজ জিতিনি। ছেলেরা বেশ আত্মবিশ্বাসী এবং এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে। বাংলাদেশে এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। ভারতে আমরা কিছুটা চমত্কার ক্রিকেট খেলেছি, কিন্তু যেমনটা চেয়েছিলাম তেমন ফল পাইনি। বিশ্বকাপের আগে কিছু সিরিজ আমাদের আয়ত্বে থাকলে খুবই ভালো ব্যাপার হবে। বিশ্বকাপে যাওয়ার আগে এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’

বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে ২-০ তে হেরেছে উইন্ডিজরা। রোভম্যান পাওয়েলের মতে, টেস্টের বাজে পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত তারা। গতকাল তিনি বলেছেন, ‘আমরা এখন আর টেস্ট সিরিজের দিকে মনোযোগ রাখছি না। আমরা এখন সাদা বলের ক্রিকেটে মনোযোগী। ছেলেরা বেশ অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী আর আশা করছি আমরা সম্ভবপর সেরা ফলাফল পাব।’

গত জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের বদলা নিতে চায় ক্যারিবিয়ানরা। রোভম্যান পাওয়েল বলেছেন, ‘এটা খুব চ্যালেঞ্জিং হবে। ঘরের সুবিধায় থাকা যেকোন দলকে মোকাবিলা করা কঠিন। বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো দল। দলগতভাবে আমরা এ বিষয়ে বেশ সতর্ক আছি। ক্যারিবিয়ানে তারা আমাদের পরাজিত করেছে আর আমরা এখানে ঠিক সেটাই করতে চাচ্ছি।’