লেনোভোর নতুন তিন ট্যাবলেট বাজারে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫

লেনোভো ব্র্যান্ডের আরো তিনটি নতুন মডেলের ট্যাবলেট বাংলাদেশের বাজারে উন্মুক্ত করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। ৩ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেনোভো ট্যাব এম১০, লেনোভো ট্যাব৪ ৮ প্লাস এবং লেনোভো ট্যাব ভি৭ মার্কেটে উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে।

লেনোভো ট্যাবলেটের সাউথ এশিয়া বিজনেস হেড সামির ভার্সনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী আমরা পিসি এবং ট্যাবলেট এর মার্কেটে ১ নম্বর পজিশনে রয়েছি। সম্প্রতি ভারত, বাংলাদেশ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও লেনোভোর মার্কেট শেয়ারের উল্লেখযোগ্য সমৃদ্ধি ঘটেছে।

গত কয়েক বছরে বাংলাদেশের বাজারে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যালস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং টেলিকম সেক্টরসহ বিভিন্ন খাতে বিশাল সংখ্যক ইউজার লেনোভো ট্যাবলেট ব্যবহূত হচ্ছে। 

বর্তমানে ৬.৯৫ ইঞ্চি থেকে শুরু করে ১০.১ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের বেশ কিছু মডেলের ট্যাবলেট বাংলাদেশের বাজারে রয়েছে। আজকের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এ দেশের বাজারে আরো তিনটি নতুন ট্যাবলেট ছাড়ছি। আশা করি, এই ট্যাবলেটগুলো দুই সপ্তাহের মধ্যে বাজারে সহজলভ্য হবে। তিনি আরো বলেন, ‘লেনোভোর নতুন ট্যাবলেটে আইরিশ ক্যামেরা যুক্ত করা হয়েছে। ফলে, ইউজারগণ ফিঙ্গারপ্রিন্ট এর স্থলে রেটিনা স্ক্যানিং এর কাজ করতে পারবেন এসব ট্যাবলেট দিয়ে।’ 

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর লেনোভো বিজনেস হেড এ এস এম শওকত মিল্লাত তার বক্তব্যে বলেন, আমরা স্মার্ট টেকনোলজিস, সব সময়ই বাংলাদেশের বাজারে বিশ্বমানের প্রযুক্তি পণ্য সরবরাহ করে আসছি।

গুণগত পণ্যের পাশাপাশি, আমরা ইউজারদের আন্তর্জাতিক মানের বিক্রয়োত্তর সেবা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আমরা সবাই জানি, আন্তর্জাতিক বাজারে লেনোভো একটি শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ব্র্যান্ড। আমরা বাংলাদেশের বাজারে সঠিক সেবা প্রদানের মাধ্যমে লেনোভো ট্যাবলেটকে দেশের সর্বস্তরে পৌঁছে দেয়ার চেষ্টা করছি।