অ্যাডিলেড টেস্ট

ভারতের পাল্লাটাই ভারী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের পাল্লাটাই ভারী। সাত উইকেট হাতে নিয়ে ১৬৬ রানে এগিয়ে সফরকারী বিরাট কোহলির দল। প্রথম ইনিংসে ১৫ রানের লিড পেয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৩৫ রান করেছে টিম ইন্ডিয়া।

এর আগে তৃতীয় দিন সকালে নিজেদের প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ২৫০ রান। তৃতীয় দিন নিজের ইনিংসটি বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। ৭২ রানে ট্রাভিস হেডকে থামিয়ে দেন ভারতের পেসার মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার লোয়ার-অর্ডারেও ধস নামিয়েছেন ভারতের পেসাররা। শেষদিকে বুমরাহ দু’টি ও শামি আরও একটি উইকেট নেন। ফলে ২৩৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ তিনটি করে, ইশান্ত শর্মা ও শামি দু’টি করে উইকেট নেন।

প্রথম ইনিংস পাওয়া ছোট্ট লিডকে সাথে নিয়ে গতকাল মধ্যাহ্ন-বিরতির আগে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। ব্যাট হাতে ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরালি বিজয় ৬৩ রানের জুটি গড়েন। ১৯তম ওভারে বিচ্ছিন্ন হয়ে যান রাহুল ও বিজয়। ১৮ রান করা বিজয়কে শিকার করে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন বাঁ-হাতি পেসার মিশেল স্টার্ক।

বিজয় ফিরে যাবার পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার রাহুলও। তিনটি চার ও একটি ছক্কায় ৬৭ বলে ৪৪ রান করে পেসার জশ হ্যাজেলউডের শিকার হন তিনি।

৭৬ রানে ২ উইকেট হারানোর চাপে ভারত। ভারতকে চাপমুক্ত করে খেলায় ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় উইকেটে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। ফলে বড় হতে থাকে ভারতের লিড। দিনের শেষভাগে ভারতের লিড অতিক্রম করে দেড়শ। এই জুটিতে দিন শেষ করার স্বপ্ন দেখলেও সেটি হতে দেননি অস্ট্রেলিয়া দলে থাকা একমাত্র স্পিনার নাথান লিঁও। তিনি ফেরান বিরাট কোহলিকে।

তিনটা চারে ১০৪ বলে ৩৪ রান করেন অধিনায়ক কোহলি। দিনের খেলা শেষ হবার ২৩ বল আগে বিদায় নেন কোহলি। এর মধ্যেই অবশ্য নতুন আরেকটি রেকর্ড নিজের করে নিলেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে উপমহাদেশের ব্যাটসম্যান হিসেবে দ্রুত এক হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি। কোহলির আগে উপমহাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত এক হাজার রানের মালিক ছিলেন ভারতের ভিভিএস লক্ষণ। ১৯ ইনিংসে এক হাজার রান করেছিলেন লক্ষণ।

উপমহাদেশের মধ্যে রেকর্ড গড়লেও, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত এক হাজার রান করার ক্ষেত্রে যৌথভাবে উপরে আছেন কোহলি। ইংল্যান্ডের কেন ব্যারিংটন ১৮ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন। তবে নিজের দশম টেস্টে। কোহলি এমন মাইলফলক স্পর্শ করেছেন নিজের নবম টেস্টে।

এরপর দিনের বাকি সময়ে আর কোন বিপদ হতে দেননি পূজারা ও আজিঙ্কা রাহানে। শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৫১ রান তুলে দিন শেষ করে ভারত। পূজারা ৪০ ও রাহানে এক রানে অপরাজিত আছেন। চতুর্থ দিন সকালে ভারত নিজেদের লিডটা আর কত বাড়িয়ে নিতে পারে এবার সেটাই দেখার ব্যাপার।