ফুটবল খেলা নিয়ে হামলায় ১৪ ছাত্র আহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯

দশমিনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার রনগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রনগোপালদি মাধ্যমিক বিদ্যালয় এবং আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়। খেলার এক পর্যায়ে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক খেলোয়াড় রনগোপালদি মাধ্যমিক বিদ্যালয়ের আফজাল নামে এক খেলোয়াড়কে অবৈধ আঘাত করে। দুই খেলোয়াড়ের মধ্যে বাগিবতণ্ডার এক পর্যায়ে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড় ও ঐ বিদ্যালয়ের সমর্থকরা রনগোপালদি মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা করে। হামলায় রনগোপালদি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী আহত হয়। তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রনগোপালদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন জানান, খেলা চলাকালীন আউলিয়াপুর স্কুলের এক খেলোয়াড় আফজালকে অবৈধ আঘাত করলে বাগিবতণ্ডার জেরে বিপক্ষের খোলোয়াড় ও দর্শকরা হামলা চালায়।

আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, দু’জন আহত হয়েছে। পরিস্থিতি খারাপ করতে ১৪ জন হাসপাতালে ভর্তি করেছেন।

এ ব্যাপারে দশমিনা থানা অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন বলেন, কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি। নিরাপত্তায় পুলিশ ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, উভয় স্কুলের শিক্ষকদের নোটিশ দিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।