অল্পের জন্য রক্ষা পেল পঞ্চগড় এক্সপ্রেস!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩ আপ ট্রেনটি রেললাইন ভেঙে যাওয়ায় বিরামপুরে অল্পের জন্য বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। সাময়িক  মেরামতের পর প্রায় দুই ঘন্টা পর এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

বিরামপুর রেল স্টেশন মাষ্টার আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বিরামপুর স্টেশনের উত্তরে মৌপুকুর গুচ্ছগ্রামের পাশে রেললাইনের মাথা ভাঙা দেখে এক পথচারী বিরামপুর রেল স্টেশনে সংবাদ দেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩ আপ ননস্টপেজ ট্রেনটি বিরামপুর অতিক্রম করে ঐ রেললাইন দিয়ে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে স্টেশনমাষ্টার তাত্ক্ষণিকভাবে পঞ্চগড় এক্সপ্রেসকে বিরামপুর রেল স্টেশনে থামিয়ে দেন এবং রেল খালাসি দিয়ে দ্রুত লাইন মেরামতের জন্য পাঠান। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে খালাসিরা ভাঙা লাইন সাময়িক মেরামত করলে সকাল ৯টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস বিরামপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রেলম্যাড সেকেন্দার আলী জানান, ভাঙা রেললাইন সরিয়ে সেখানে নতুন রেললাইন প্রতিস্থাপন করা হয়েছে এবং বেলা ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।