লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাট ব্যবসায়ী সৈয়দ নয়ন আলীকে হাতুড়িপেটা ও অপর এক ঘটনায় ইউপি মেম্বার হাফিজুর রহমানকে মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার বিকেলে ঐ দুটি হামলার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে দীর্ঘদিন ধরে মিরাজ মোল্যা ও শেখ সুলতান মাহমুদ বিপ্লবের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সৈয়দ নয়ন আলী জানান, তিনি পাট ব্যবসার টাকা নিয়ে মিঠাপুর বাজার থেকে বাড়ি আসছিলেন। পথে রউফ সিকদারের বাড়ির কাছে পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তাকে ভ্যান থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে বেদম মারপিট করে। স্থানীয় লোকজন পরে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অপর ঘটনায় আহত কাশিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হাফিজুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ থেকে গন্ডব নিজে বাড়িতে ইজিবাইক ভ্যানে আসার পথে প্রতিপক্ষের লোকজন লাঠি ও লোহার রড দিয়ে তাকে বেদম মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, ঐ দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
