সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪

প্রজেক্টরের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অবহিত

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শিবচরে বর্তমান সরকারের উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় জনগণকে প্রজেক্টরের মাধ্যমে অবহিত করলেন ডিসিসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দত্তপাড়া সূর্যনগর বাজারে প্রশাসনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়েছে। ভবনের ফলক উন্মোচন করে এর উদ্বোধন ঘোষণা করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, প্রকৌশলী এন্তাজুর রহমান প্রমুখ।

এপি ওয়ার্ল্ড ভিশনের বকনা গরু ও ছাগল বিতরণ

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা হতদরিদ্রদের স্বাবলম্বী করতে শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বৃহস্পতিবার বকনা গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলার কাকিলাকুড়া আব্দুল মালেক কমিউনিটি সেন্টারে বকনা গরু ও ছাগল বিতরণ উদ্বোধন করেন এপি ওয়ার্ল্ড ভিশনের শেরপুর ও নেত্রকোনা এপিসি ম্যানেজার সেবাসটিয়ার পিউরিফিকেশন। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল মালেক কমিউনিটি সেন্টারের পরিচালক শাহ মোহাম্মদ মোস্তাসিন বিল্লাহ শিবলী। এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মণ্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুল ইসলাম, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, কাকিলাকুড়া বালিকা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আতাউল্লাহ প্রমুখ।

মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুত্ফর রহমান ফকিরের সভাপতিত্বে কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, সদর উপজেলা কমান্ডার আইয়ূব আলী প্রমুখ।

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের নিজস্ব অর্থায়নে ট্যালেন্টপুল ৪৫ জন শিক্ষার্থীর হাতে মেধা ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।

৩৭৫ ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ

মাগুরা প্রতিনিধি মাগুরা সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩৭৫ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীর মধ্যে বৃহস্পতিবার বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এ বাইসাইকেল বিতরণ করা হয়। স্থানীয় নোমানী ময়দানের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু সুফিয়ান।

মান্দায় পুলিশ সুপারের বিদায়ি সংবর্ধনা

মান্দা (নওগাঁ) সংবাদদাতা নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম) পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় এবং কর্মস্থল থেকে বিদায় উপলক্ষ্যে মান্দা থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকালে মান্দা থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান স ম জসিম উদ্দিন সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মান্দা উপজেলা ভূমি কর্মকর্তা হাবিবুল্লা রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মোল্লা প্রমুখ।