টেকনাফে বুধবার বিকাল ও রাতে পৃথক অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ সাত জন আটক হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, বিকালে টেকনাফ বিসিজি স্টেশনের কোস্টগার্ডের একটি দল সাবরাং হারিয়াখালীর বেড়িবাঁধ ভাঙা এলাকায় ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে টেকনাফ সদরের নাজির পাড়ার মো. খোরশেদ (২৭), সাবরাং করাচি পাড়ার মো. জায়েদ উল্লাহ (২৩), ডেগিল্লার বিলের মো. জোবাইর (৩০) ও সাবরাং হারিয়াখালীর মো. হারুনুর রশিদ (২০) কে আটক করে। তাদের নিকট হতে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। কোস্টগার্ড স্টেশন কমান্ডার সোহেল রানা জানান, ক্রেতা সেজে ছদ্মবেশ ধারণ করে ইয়াবাসহ চার যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে র্যাব সূত্র জানায়, রাত সোয়া ৭টায় র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি দল শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬ এলাকা থেকে ২০০ পিস ইয়াবা, একটি এলজিসহ জাদিমোরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/৯ নম্বর ব্লকের ৩৫৮ নম্বর রুমের বাসিন্দা মো. নুর ফয়েজ (৪৩), টেকনাফ কেরুনতলীর আবুল কালাম (২৯) ও পশ্চিম নয়াপাড়ার কহিনুর আক্তার (২৫)কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর অস্ত্র ও ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
