সিলেটের ওসমানীনগরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ক্যান্টিন বয়-কাম পিয়ন আব্দুল গফুর (৫০) কর্তৃক শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাদিপুর ইউপির সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ক্যান্টিনে।
গত ৩১ আগস্ট দুপুরে সংঘটিত এ ঘটনায় ভিকটিমের পরিবার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামলা করতে আগ্রহী না হওয়ায় থানার এসআই সাইফুল মোল্লা বাদী হয়ে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই দিন অভিযুক্ত গফুরকে আটক করে পুলিশ।
সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার ভৌমিক বলেন, অভিযুক্ত পিয়ন গফুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওসমানীনগর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী বলেন, অভিযুক্ত পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি।
ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন বলেন, পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্ত গফুরকে আটক করা হয়েছে।
