তার পরও সন্তুষ্ট বাংলাদেশ!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

দিনশেষে আফগানিস্তানের স্কোর ৫ উইকেটে ২৭১ রান। আজ অস্বাভাবিক কিছু না ঘটলে ৩০০ রান পার করেও অনেকদূর যাওয়ার কথা তাদের। বাংলাদেশের বোলারদের ভ্রূতে বেশ কিছু ভাঁজ পড়ে যাওয়ার কথা। কিন্তু দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলাম বললেন, তারা মনে করেন না আফগানিস্তান খুব বেশি রান করেছে। তারা নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট। সেই সঙ্গে আফগান ব্যাটসম্যানদের ‘কম রানে’ আটকে রাখা গেছে বলে তিনি মনে করেন।

তাইজুলের জন্য দিনটা অবশ্য ভালোই শুরু হয়েছিলো। এই ম্যাচে প্রথম উইকেট নেওয়ার ভেতর দিয়ে তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে শত উইকেট শিকারিদের ক্লাবে ঢুকে পড়েছেন। পরে নিয়েছেন আরো এক উইকেট। নিজের প্রাপ্তি সম্পর্কে বলতে গিয়ে গতকাল তাইজুল বলছিলেন, ‘টেস্ট ক্রিকেটকে আসলে আপনারা সবাই জানেন আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে সবচেয়ে সম্মান দেওয়া হয়। তাই এটা ভালো লাগার বিষয়। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি। এটাতে সবাই খুশি হবে। ভালো লাগছে আর কি!’

আফগানিস্তান রান যেমনই করুক, তাইজুল মনে করেন, তারা ভালো জায়গাতেই আছেন, ‘আমরা এখন সঠিক জায়গাতেই আছি। উইকেটের পরিস্থিতি যেমন তাতে খারাপ হয়েছে আমি বলবো না। আমার কাছে মনে হয় রানটা কমই হয়েছে। বোলাররা অনেক ভালো বল করেছে।’

তাইজুল মনে করেন, এই উইকেট যেমন চায়, তারা বোলাররা তেমন বলই করতে পেরেছেন। তবে আরেকটু ভালোও হতে পারত বলে বলছিলেন তিনি, ‘আসলে উইকেট যেমন বোলাররা তেমনই বল করেছে। হয়তো এর থেকে একটু ভালো করতে পারত। ভালো করতে পারত মানে আটটা/নয়টা উইকেট এখন থাকত তা নয়। উইকেটের আচরণ হিসেবে ৫ উইকেট ঠিক আছে। এর চেয়ে তাদের (আফগানিস্তানের) আরো ভালো করার সুযোগ ছিল। তারা আজ ৩০০ পার করলেও অবাক হওয়ার কিছু থাকত না।’

আজকে তাইজুল প্রত্যাশা করেন যত দ্রুত সম্ভব আফগানিস্তানকে অলআউট করে দিতে। সেজন্য মিরাকেলের অপেক্ষা করছেন তারা, ‘ক্রিকেটে মিরাকেল যে নেই তা কিন্তু না। বা কখনো হয়নি তাও হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। নাঈম দুই বলে দুই উইকেট পায়নি আজকে?  ভালো ভালো ব্যাটসম্যান। দুই জনই আউট হয়ে গেছে। একজন পার্টনারশিপ করেছিল। আর নাঈম দ্বিতীয় যে উইকেটটা পেয়েছে তা ওর বল তো হঠাত্ করে নিচু হয়ে গেছে। দেখেছেন মনে হয়। তো এরকম বল তো হতেই পারে দু/তিনটা। তাই আশা ছাড়ছি না।’

নিজেরা ভালো বল করেছেন। তাইজুল মনে করছেন, এই উইকেটে আফগানদের পক্ষে এর চেয়ে ভালো বোলিং করা সম্ভব হবে না। ফলে আশাবাদী তিনি, ‘আমরা আজকে উইকেটের যে ব্যবহারটা দেখছি তাতে ওদের যে স্পিনার আছে তাতে আমার মনে হয় না খুব ডিফিকাল্ট হবে। যদি এটা টি-টোয়েন্টি বা তেমন খেলা হতো তাহলে আমি হয়তো ওদের ভালো অবস্থায় রাখতাম। কিন্তু খেলাটা টেস্ট। ওদের বোলারদের ম্যাচে ধৈর্য কেমন থাকবে এটাও একটা দেখার বিষয়। ওদের স্পিনাররা আগেও টেস্ট খেলছে, দুটা খেলেছে, ইন্ডিয়ার সঙ্গে খেলেছে। কিন্তু যে দুটা খেলেছে তাতে আমার মনে হয় না আহামরি কিছু করেছে। আমি আমার টিমকে এখনো এগিয়ে রাখব।’