অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচেও ইংল্যান্ডের বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছেন স্টিভেন স্মিথ। তার সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় দিনেও লড়াই চালিয়ে যাচ্ছে সফরকারী অস্ট্রেলিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম দিনেই বিপদে পড়েছিল অজিরা। ২৮ রানেই অস্ট্রেলিয়ার শুরুর দুই ব্যাটসম্যান বিদায় নেন। এরপর মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন স্মিথ। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা খুব বেশি মাঠে গড়ায়নি। ৬৭ রান করে লাবুশেন সাজঘরে ফেরেন। এদিকে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। গতকাল এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত স্মিথ অপরাজিত ছিলেন ১২৯ রানে। তার সঙ্গী টিম পেইন ২৪ রানে ব্যাট করছিলেন। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন পাঁচ উইকেট হারিয়ে ২৯১ রান।
