সাবেক স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক বলেছেন, বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকলে তিনি নেইমারকে লা লিগায় ফেরাতেন না। খেলোয়াড় হিসেবে ব্রাজিলীয়টির উঁচুমান নিয়ে তার কোনো দ্বিমত না থাকার পরও।
নেইমার দুই বছর আগে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ফিতে ক্যাম্প ন্যু ছেড়ে যাওয়ার পরও বার্সেলোনা তাকে ফেরাতে পিএসজির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল। কিন্তু ২ সেপ্টেম্বর দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে দুইপক্ষ একমত হতে পারেনি।
ফরাসি ক্লাব পিএসজি জানায়, স্পানিশ চ্যাম্পিয়নরা নেইমারের জন্য তাদের চাওয়া মূল্য মেটাতে পারেনি। পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো জানান, রিয়াল মাদ্রিদের সঙ্গেও তাদের এ ব্যাপারে কথা হয়েছিল।
ব্রাজিল তারকা প্যারিসের ক্লাবটিতে এ পর্যন্ত কেবল ৫১ গোল করেছেন। তিনি অবশ্য দুই বছরে অর্ধেক সময়ই ইনজুরিতে ভোগেন। মাঠেও পেনাল্টি মারা নিয়ে দলসঙ্গী এডিসন কাভানির সঙ্গে সমস্যা ছিল নেইমারের। দেল বস্ক এ প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি স্প্যানিশ লিগের জন্য তার ফেরাটা ভালো হতো। কিন্তু আমি যদি কোনো একটা ক্লাবের কোচ হতাম, তাহলে তাকে আনতাম না। আমি বলব, সে দুর্দান্ত মেধাবী এক খেলোয়াড়, কিন্তু অন্যান্য কারণে তার ব্যাপারে আমি খুব উচ্চ ধারণা পোষণ করি না।’
স্পেনের কোচ হিসেবে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন দেল বস্ক। এছাড়াও রিয়ালের কোচ হিসেবে আছে দুইটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এ রকম এক জন কোচ মনে করেন নেইমার ২০১৭ সালে যেভাবে বার্সেলোনা ছেড়ে গেছে তা সঠিক ছিল না।
সঙ্গত কারণেই নেইমারের সমালোচনায় তিনি বলেন, ‘বার্সেলোনার সঙ্গে সে ভালো আচরণ করেনি। সত্যি বলতে কি সে খারাপ, খুবই খারাপ আচরণ করেছে। আপনি যদি বার্সেলোনা সমর্থকদের মধ্যে জরিপ চালান, দেখবেন তাদের অর্ধেকের বেশি তাকে ফেরাতে চাইতো না। এর পেছনে কারণ আছে।’
