প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। বঙ্গবন্ধু কন্যার এবারের জন্মদিন স্মরণীয় করে রাখতে ম্যাসব্যাপী সভা-সেমিনার ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী যুবলীগ। এ লক্ষ্যে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে তিনি তিনটি আসন থেকে নির্বাচিত হন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পর তিনি পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং ঐ বছরের ২৩ জুন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে তিনি সপ্তম জাতীয় সংসদে বিরোধী দলের নেতা নির্বাচিত হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিশাল বিজয় পায়। শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৩০ ডিসেম্বর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ৪র্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
