স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী জুভেন্তাস ইতালিয়ান সিরি আ’তে ইন্টারমিলানকে ১-০ গোলে হারিয়েছে। এর ফলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে পিএসজির সেরা শুরুর রেকর্ডে ভাগ বসিয়েছে তারা।
জুভেন্তাস স্টেডিয়ামে শুক্রবার রাতের ‘ডার্বি দে ইতালিয়া’য় প্রথমার্ধে দুই দলই সুযোগ সৃষ্টি করেছিল এগিয়ে যাওয়ার। কিন্তু গোলরক্ষকের বীরত্ব এবং দুর্ভাগ্যের মিশেলে এগিয়ে যাওয়া হয়নি কারোই। ৬৬ মিনিটে বাঁ পাশ থেকে হোয়াও ক্যানসেলোর দূরের পোস্টে বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে জুভেন্তাসকে এগিয়ে দেন মারিও মানজুকিচ। এই মৌসুমে সিরি আ’তে এটি তার সপ্তম গোল। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় সফরকারীরা। কিন্তু জুভেন্তাসের জমাট রক্ষণ ভেঙে সমতায় ফিরতে পারেনি তারা। এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শিরোপাধারীরা।
এই জয়ের ফলে ১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্তাসের পয়েন্ট হলো ৪৩। এই জয়ের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শ্রেষ্ঠ শুরুর রেকর্ডেও ভাগ বসিয়েছে কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির দল। দিনকয়েক আগেই ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি গড়েছিল এই কীর্তি।
কীর্তি গড়লেও দলের খেলায় খুব সন্তুষ্ট নন জুভেন্তাস কোচ। ম্যাচশেষে স্কাইস্পোর্তস ইতালিয়াকে তিনি বলেন, ‘প্রথমার্ধে ইন্টার আমাদেরকে সমস্যায় ফেলে দিয়েছিল। হোয়াও মারিও এবং গ্যাগ্লিয়ারদিনিকে আটকাতে বেশ বেগ পেতে হয়েছিল আমাদের। এটাও সত্য যে তারা প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগগুলো পেয়েছিল আমাদের বল হারানোর সুযোগ নিয়ে।’
