উখিয়ায় এনজিও সংস্থা শেডের গুদাম থেকে মজুতকৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উখিয়া সদর মালভিটাপাড়ায় এনজিও সংস্থা শেডের ভাড়া করা গুদামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এর আগে এনজিও সংস্থা মুক্তির নির্দেশে তৈরিরত কোটবাজার কামারের দোকান থেকে ৬০০ পিচ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন, আইওএম প্রদত্ত এসব অস্ত্র কৃষি কাজে ব্যবহারে স্থানীয়দের বিতরণের জন্য মজুত রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এনজিওদের তৈরি ও সরবরাহ করা বিভিন্ন প্রকার অস্ত্র স্থানীয়দের পক্ষে একসময় বুমেরাং হতে পারে। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
উখিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, এনজিও সংস্থা শেডের গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ দা, ২ হাজার ২০০ বেলচা, ১ হাজার ১০০ হাতুড়ি, ১ হাজার ১০০ কোদাল, ১ হাজার ১০০ লাঠি জব্দ করা হয়েছে। এসব মালামাল বিতরণের অনুমতিপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, শেড সংশ্লিষ্টদের তৈরি ও মজুত রাখা এসব জিনিসপত্র কি কাজে ব্যবহূত হবে তার বৈধতা, অনুমতিপত্রসহ যাবতীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।
শেডের সমন্বয়কারী আবু সরোয়ার বলেন, এসব হতদরিদ্রদের কৃষি ও খেত-খামার কাজে ব্যবহার করার জন্য আইওএম তাদের দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, ইতিপূর্বেও একটি এনজিও সংস্থা থেকে একই ধরনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। যে কারণে স্থানীয়দের মাঝে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। শেড থেকে যেসব অস্ত্র ও লোহার তৈরি সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
