বৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৬

সারাদেশে ক্রমেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হলেও এখনো কাটেনি শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, কয়েক পশলা বৃষ্টি বদলে দিতে পারে পরিস্থিতি, আবারও তৈরি হতে পারে এডিসের বংশবৃদ্ধির সহায়ক পরিবেশ। তাই সতর্কতার বিকল্প নেই। এডিস নিয়ন্ত্রণে চলমান কর্মসূচি অব্যাহত রাখতে হবে।

এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল আরো তিন জন মারা গেছেন। অন্যদিকে চিকিত্সা নিয়ে বাড়ি ফেরা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি বছরের শুরু থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৫৩ জন। আর চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৭৯০ জন। অর্থাত্ ৯৫ শতাংশ মানুষ চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৩৭১ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭২৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৪২ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় (৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন। এর মধ্যে ঢাকায় ৩৩১ জন এবং ঢাকার বাইরে ৪৫৭ জন। নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ শতাংশ কমেছে।

পাবনার সাঁথিয়ায় ডেঙ্গুতে গতকাল সকালে বিপাশা (১১) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী মারা গেছে। সে মিয়াপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ও গাঙ্গুহাটি গ্রামের আনন্দ মোহনের মেয়ে।  খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শ্রাবন্তী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে তারানা বেগম (৩৫) নামের এক নারী মারা গেছেন। বুধবার ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। তারানা বেগম উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

ঢাকা উত্তর সিটির নতুন বাজেটে মশা নিধনে বিপুল বরাদ্দ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৩ হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল গুলশান-২-এ নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন। মেয়র জানান, মশা নিয়ন্ত্রণে ২০১৮-১৯ সালে ১৭.৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। ২০১৯-২০ সালে ৪৯.৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গতবারের তুলনায় ১৮২ শতাংশ বেশি। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। মশক নিধন কার্যক্রম সারা বছর চলমান থাকবে জানিয়ে মেয়র বলেন, প্রয়োজনে এখাতে বরাদ্দ বাড়াবে সিটি করপোরেশন। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেক চলমান চিরুনি অভিযান শেষ পর্যায়ে রয়েছে। ফুটপাতে অবৈধ স্থাপনা মুক্ত করতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করা হবে।