স্পোর্টস রিপোর্টার
দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপ খেলতে না পারাকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কষ্ট বলেই মানেন মাশরাফি বিন মুর্তজা। তারপর সময় যত গড়িয়েছে ক্রিকেট বিধাতা অনেক অর্জনের ভারে সমৃদ্ধ করে দিয়েছেন মাশরাফির ক্যারিয়ার। ওয়ানডে ফরম্যাটে দেশের সবচেয়ে সফল অধিনায়ক এখন তিনি। এই ফরম্যাটে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট (২৫১) শিকারীও নড়াইল এক্সপ্রেস।
আজ মাশরাফির ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন পালক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে যাচ্ছেন তিনি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচটাই হতে যাচ্ছে মাশরাফির অন্যরকম মাইলফলকের মঞ্চ।
গতকাল পর্যন্ত ১৯৯ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ১৯৭টি, এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলেছেন মাশরাফি। সংবাদ সম্মেলনে ২০০তম ওয়ানডের রেকর্ডের কথা মনে করিয়ে দিতে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, এই অর্জন ভালো লাগার। তবে এসবের চেয়ে তার কাছে দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ।
২০০তম ওয়ানডে বিশেষ কিছু কিনা জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘ধন্যবাদ মনে করার জন্য। আমার আসলে খেয়াল ছিল না। আমি আগেও বলেছি, এইগুলো আমাকে স্পর্শ করে না। এগুলো আমার কাছে এতো গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের (আজকের) ম্যাচটা জেতা।’ তবে কিছুটা গর্ব ঠিকই ছুঁয়ে যাচ্ছে মাশরাফিকে। তিনি বলেছেন, ‘এইদিক থেকে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে অন্তত ২০০তম ম্যাচ হচ্ছে। এটা অবশ্যই ভালো লাগবে একটা সময়। যখন মানুষ বলবে, তুমি বাংলাদেশের হয়ে ২০০টা ম্যাচ খেলেছো। এটা অবশ্যই একটা অর্জন। ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে।’
ওয়ানডেতে সবচেয়ে বেশি ৪৬৩ ম্যাচ খেলার রেকর্ড ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকারের। চারশ’র বেশি ম্যাচ খেলেছেন মাহেলা জয়াবর্ধনে (৪৪৮), সনাত্ জয়সুরিয়া (৪৪৫), কুমারা সাঙ্গাকারা (৪০৪)।
বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলার দিক থেকে মাশরাফির খুব কাছাকাছিই আছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে সাকিব আজ খেলতে নামবেন ১৯৬তম ম্যাচ। এছাড়া গতককাল পর্যন্ত মুশফিক ১৯২, তামিম ১৮৩, মাহমুদউল্লাহ ১৬৫ ও আশরাফুল ১৭৫টি ম্যাচ খেলেছেন।
