জয়পুরহাট সদর উপজেলার ভাদসার ভগবানপুর এলাকায় দেড় বছরের এক শিশুকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে বাড়ির কাজের লোক। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর মিধ্যাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। হত্যাকারী নাসিমকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশু সিয়ামের বাবা ইউসুফের বাড়িতে নাসিম মুরগির খামারে কাজ করত। সেই সুবাধে গত বুধবার বিকালে শিশু সিয়ামকে নিয়ে নাসিম ঘুরতে বের হয়। তারপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। এলাকায় মাইকিং করেও তাদের খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সকালে ভগবানপুর এলাকায় স্থানীয়রা একটি পুকুরে পাট জাগ দেওয়ার সময় ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে। পরে বেলা ১১টার সময় স্থানীয়রা হত্যাকারী নাসিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাইহান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
