সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় শীতলক্ষ্যা নদীতে গত বুধবার রাত ৩টার দিকে ডাকাতের কবলে পড়ে সাতটি বালুবাহী বাল্কহেডের শ্রমিকরা। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে রাশেদ নামে এক সুকানি শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ রাশেদ পাটোয়ারী এমভি আল ওলী নামক বাল্কহেডের সুকানি ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের স্টেশন অফিসার হাবিব উল্লাহর নেতৃত্বে পাঁচ জনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা। গতকাল বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
