ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ সিংগাইর উপজেলা জামশা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় শাহীন নামে আরেক যুবক পালিয়ে গেছে বলে জানা যায়। গ্রেফতারকৃত সাদ্দাম দক্ষিণ জামশা ইউনিয়নের রহিম মোল্লার ছেলে এবং শাহীনও একই এলাকার। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাহীনের ঘর থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি একেএম শাহীন মণ্ডল। তিনি আরো জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলাকালে শাহীনের বাড়ি থেকে সাদ্দামকে পিস্তল ও ম্যাগাজিনসহ আটক করা হয়। সাদ্দাম ও শাহীন অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যাপারে সিংগাইর থানায় মামলা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড চেয়ে সাদ্দামকে আদালতে পাঠান হয়েছে।
