গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। বরাদ্দ অর্থের সদ্ব্যবহার ক্ষেত্রে শতভাগ না হলেও ৮০-৯০ ভাগ কাজ করতে হবে। পিরোজপুরকে উন্নয়নের মডেল বানাতে হবে।
গতকাল বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পিরোজপুরের উন্নয়নের জন্য এলজিইডির প্রায় ৩ হাজার কোটি টাকার কাজ শুরু হচ্ছে। এই অর্থ দিয়ে সন্ধ্যা নদীতে সেতুসহ নাজিরপুর, নেছারাবাদ ও সদর উপজেলায় রাস্তাঘাট, সেতু ইত্যাদি অবকাঠামো নির্মাণ করা হবে। ঘুষ, দুর্নীতি, অপচয় ইত্যাদি অভ্যাস দূর করে গৃহীত প্রকল্পসমূহের গুণগতমান নিশ্চিত করা প্রয়োজন।
পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান কবির, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় প্রমুখ।
