আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা কাল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৬

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা আগামীকাল শনিবার সন্ধ্যা সাতটায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  জানা গেছে, রংপুর-৩ আসনের উপনির্বাচন ও আট উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতেই এই যৌথ সভার আয়োজন করা হয়েছে।

আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচন হবে। আর পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর দেশের আটটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ১৬ জন। দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহকারীরা হলেন:আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন, মহানগরের শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। প্রসঙ্গত, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর দেশের আটটি উপজেলায় ভোট হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর। যেসব উপজেলায় ভোটগ্রহণ করা হবে সেগুলো হলো: শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া। এর আগে গত মার্চ থেকে জুন পর্যন্ত পাঁচ ধাপে চার শতাধিক উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।