১০ কেজি স্বর্ণসহ ইউএস বাংলার কেবিন ক্রু আটক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৮

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি ওজনের স্বর্ণ বারসহ এক নারী ক্রু আটক হয়েছেন। তার নাম রোকেয়া শেখ মৌসুমি। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের নারী ক্রু হিসেবে কর্মরত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। বিষয়টি নিশ্চিত করেছেন  বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি জানান, মৌসুমি ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু। সকালে মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় আসে। ফ্লাইটটির ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসেন। এরপর মৌসুমি ইমিগ্রেশন ও কাস্টমস পেরিয়ে ডমিস্টিক গেট দিয়ে বের হয়ে গাড়িতে উঠছিলেন। এমন সময় এপিবিএন-এর সদস্যরা তার কাছে কিছু আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। কিন্তু এপিবিএন তাকে চ্যালেঞ্জ করে কাস্টমস হলে নিয়ে এসে সবার উপস্থিতিতে দেহ তল্লাশি করে তার দুই পায়ে লুকানো অবস্থায় ছয়টি বান্ডিল পাওয়া যায়। যাতে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮২টি সোনার বার ছিল।

আলমগীর হোসেন আরো বলেন, আটক সোনার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। তার বিরুদ্ধে মামলা দায়েরের  প্রস্তুতি চলছে।