পুলিশকে সর্বাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে-আইজিপি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২০

পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে অপরাধের ধরন ও মাত্রা পালটেছে। প্রযুক্তিগত অপরাধ বাড়ছে। একবিংশ শতাব্দীর এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে আধুনিক ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। পুলিশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, সংঘবদ্ধ অপরাধ দমনে বদ্ধপরিকর। গতকাল বিকালে পুলিশ স্টাফ কলেজের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ‘ইন্টারপোল পুলিশিং ক্যাপাবিলিটিস প্রোগ্রাম ফর এশিয়া অ্যান্ড সাউথ প্যাসিফিক’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারপোল সিবিটি পরিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ম্যাগালিঙ্গম ভিমান।