কাশ্মীরে মানবাধিকার বিপন্ন : ব্রিটেন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২১

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার বলতে যা বোঝায় কাশ্মীরে তা এখন বিপন্ন। পার্লামেন্টে এই মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তার মতে, কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও শিমলা চুক্তি মেনে সেই সমস্যা তাদেরই মেটাতে হবে। কিন্তু কাশ্মীরের মানবাধিকারের বিষয়টি আন্তর্জাতিক। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাঢ়িতক সমাজের একটা সার্বিক দায়িত্ব আছে। আমরা অবশ্যই পরিস্থিতি খতিয়ে দেখব এবং অধিকারগুলো রক্ষিত হচ্ছে কি না সেদিকে নজর রাখবো। এছাড়া আরো অনেক এমপি কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

২ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবার বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এক ব্রিগেডের সমান প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ। আর গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরই তাদের কার্যকলাপের উপর কড়া নজরদারি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। এর আগে ১০০ এসএসজি কম্যান্ডো মোতায়েন করেছিল ইসলামাবাদ।

কাশ্মীরে বিনিয়োগের ইচ্ছা ৪৪ কোম্পানির

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু-কাশ্মীরে বিনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেছে ৪৪ কোম্পানি। এর মধ্যে ৩৩টি কোম্পানির প্রস্তাব গ্রহণ করেছে সরকার। বিনিয়োগের প্রস্তাব এসেছে তথ্য প্রযুক্তি, অবকাঠামো, বিদ্যুত্ উত্পাদন, হোটেল, প্রতিরক্ষা, পর্যটন ও শিক্ষা ক্ষেত্রে। সব মিলিয়ে বিনিয়োগের পরিমান ১৫ হাজার কোটি রূপি। বিনিয়োগের পরিমান ১ লাখ কোটি রূপি পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। -আনন্দবাজার পত্রিকা ও ভয়েস অব আমেরিকার