বাকৃবির গণপরিবহনে অনিয়ম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:১১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে রয়েছে নানাবিধ সমস্যা। এর মধ্যে অন্যতম প্রধান হলো গণপরিবহন। বাকৃবির গণপরিবহনব্যবস্থায় চলছে অনিয়ম। ক্যামপাস থেকে শহরে যাতায়াতের সময় প্রতিনিয়ত শিক্ষার্থীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বিকেলবেলার বাসগুলোতে দেখা যায় প্রচণ্ড ভিড়। এই ভিড় ঠেলে অনেক শিক্ষার্থী  বাসে উঠতেই পারে না। মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি কষ্টসাধ্য ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা থাকলেও তাঁরা শিক্ষার্থীদের বাসে চেপে শহরে যাতায়াত করেন। এদিকে অনেক শিক্ষার্থীকেই বাদুড়ঝোলা হয়ে ও দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। এ সমস্যা সমাধানে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া উচিত। শিক্ষার্থীদের সুবিধার জন্য বিকেলবেলা বাসের সংখ্যা বাড়ানো, সেইসঙ্গে শিক্ষার্থীদের বাসে যাতে কোনোভাবেই কর্মচারীরা উঠতে না পারেন সেদিকেও নজর দেওয়া হোক। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

হাবিবুর রনি

শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ