চানাচুর বিক্রেতার ছেলে আল-আমিনের সাফল্য

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৯:২৪

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা গ্রামে  বাড়ি আল আমিনের। বাবা খোরশেদ ফকির রাস্তার কিনারায় বসে চানাচুর বিক্রি করেন। পাঁচ সন্তানের সংসার তার। দারিদ্র্যের কষাঘাতে পরিবারটি যখন জর্জরিত, তখন আল আমিনের এমন রেজাল্ট হয়ে উঠেছে তাদের আশার আলো।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গ ইউনিটে ১৭তম হয়েছেন আল আমিন। আল আমিন বলেন, ‘বাবার দরিদ্রতায় পড়াশোনা করতে অনেক কষ্ট হয়। বই ধার করে এনে পড়তে হতো। রাতে বেশি পড়তে পারতাম না। আল্লাহ ইচ্ছায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর সকলের কাছে দোয়া কামনা করছি। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সমস্যা মোকাবেলা করে উচ্চশিক্ষা অর্জন করতে পারি এবং দেশও জাতির সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে পারি।’ আল আমিনের বাবা খোরশেদ ফকির বলেন, ‘আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়। ছেলের লেখাপড়ার খরচ আমার দিতে কষ্ট হয়। ছেলে নিজের ইচ্ছায় এই পর্যন্ত পড়াশোনা করে আসছে। বিভিন্নজনের সাহায্য সহযোগিতায় দিয়ে আল আমিন তার পড়ালেখা খরচ জুগিয়েছে।’ খোরশেদ ফকির বলেন, ‘আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সে একজন মানুষের মতো হতে পারে।’