অণুগল্প

একটি রঙিন ইচ্ছা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৩

মূল :নাইউরা

অনুবাদ :লায়লা খোন্দকার

 

বিলের পানিতে নিজের প্রতিবিম্ব দেখে এমু দীর্ঘশ্বাস ফেলল। তার পাখাগুলো এত মলিন! সে ভাবে কেন সে অন্য পাখিদের মতো রঙিন নয়। এমুর মাথায় একটি বুদ্ধি খেলে গেল। রঙিন পালক ও ফুলের পাপড়ি খুঁজে পেয়ে তার সবগুলো সে নিজের শরীরে গুঁজল। যখন পুরো শরীর ঢেকে গিয়েছে তখন সে দ্রুত বিলের কাছে যায় নিজেকে আবার দেখতে। প্রতিবিম্ব দেখে ভাবে যে, এত সুন্দর ও বর্ণিল পাখি সে কোনোদিন দেখেনি। নিজের উজ্জ্বল রং সবাইকে দেখানোর জন্য তার আর তর সইছিল না। সে যখন দৌড়াচ্ছিল তখন ক্যাঙ্গারু তাকে দেখল।

‘এই সুন্দর পাখিটি কে?’ সে প্রশ্ন করে।

তুমি আমাকে চিনতে পারছ না। আমি এমু।

কিন্তু তোমাকে ভীষণ রঙিন দেখাচ্ছে। এটা কিভাবে হলো?

এমু ব্যাখ্যা করল এবং ক্যাঙ্গারুকেও চেষ্টা করতে বলল। তারা একত্রে আরো পালক এবং ফুলের পাপড়ি খুঁজল। তখন একটা ধূসর বর্ণের সাপ জিজ্ঞাসা করল, ‘তোমরা কী করছ?’

‘নিজেদের সুন্দর করছি। তুমিও আমাদের সঙ্গে যোগ দাও না কেন?’

এমু, ক্যাঙ্গারু আর সাপ যথেষ্ট রঙিন হয়ে উঠলে দেবতা রংধনু সাপ উপস্থিত হলেন।

‘তোমরা নিজেদের এত সাজাচ্ছ কেন?’ তিনি জানতে চাইলেন।

‘পাখি ও ফুলের মতো নিজেদের সুন্দর করার জন্য।’ তারা উত্তর দিল।

‘কিন্তু আমি তোমাদের যে রং দিয়েছি তা তোমরা পছন্দ কর না কেন?’ রংধনু সাপ প্রশ্ন করলেন।

‘সে রং ভীষণ নিষ্প্রভ।’ ক্যাঙ্গারু বলল।

‘বোকা প্রাণী। আমি তোমাদের বিশেষ রং দিয়েছি যাতে তোমরা অরণ্যের সঙ্গে মিশে যেতে পার, যাতে তোমাদের সহজে খুঁজে পাওয়া না যায়। যারা তোমাদের দেখতে পাবে না, তারা তোমাদের খেতেও পারবে না।’

‘কিন্তু অন্য পাখিদের আকর্ষণীয় রং আছে।’ এমু বলল।

‘কেবলমাত্র তারা যদি গাছ ও অরণ্য থেকে নিজেদের খাবার জোগাড় করে আর সমতলভূমির বুনোফুল হয়। উজ্জ্বল রং তাদের জন্য উপযোগী ঠিক যেমন মলিন রং তোমাদের প্রয়োজন।’

রংধনু সাপ প্রত্যেক প্রাণীর দিকে তাকালেন। কিন্তু তারা তাদের ইচ্ছায় অনড়। তাদের সুন্দর রং চাই।

তিনি দুঃখিত স্বরে বললেন, ‘ঠিক আছে, তোমরা যদি চাও তবে তাই হোক।’ তিনি প্রাণীগুলোর চারদিকে কয়েকবার ঘুরলেন এবং তাদের প্রাকৃতিক রং হঠাত্ করে বৈচিত্র্যময় বর্ণে রূপান্তরিত হলো। আনন্দের আতিশয্যে তিনটি প্রাণী একসঙ্গে দৌড়াতে লাগল যাতে তারা অন্যদের নিজেদের সৌন্দর্য দেখাতে পারে।

তারা খুব দ্রুত নজরে পড়ে গেল। শিকারিদের চোখ কখনো তাদের না দেখে থাকতে পারে না।

‘কী বিস্ময়কর ও সুন্দর প্রাণী।’ একজন শিকারি বলল।

‘হ্যাঁ। আর তারা দেখতে যত চমত্কার খেতেও যদি তত স্বাদের হয় তাহলে আমাদের ভোজটা কেমন হবে?’

এবং তাদের অসাধারণ ভোজই হলো।

টেলস অফ মাই গ্র্যান্ডমাদার্স ড্রিমটাইম (বার্টেল পাবলিকেশন্স, অস্ট্রেলিয়া) থেকে